ভেনিজুয়েলার প্রধান বিরোধী দলের নেতা ফ্রেডি গুয়েভারা নিজ দেশে অবস্থিত চিলির দূতাবাসে আশ্রয় নিয়েছেন।

তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এ জন্য নিজেকে রক্ষা করতে তিনি আশ্রয় নিয়েছেন ওই দূতবাসে। ফলে আপাত গ্রেফতারের হাত থেকে তিনি স্বস্তি পাচ্ছেন।

কূটনৈতিক নর্ম বা নীতির অধীনে কোনো দেশের দূতাবাসের ভিতর প্রবেশ করে পুলিশ বা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কেউ কাউকে গ্রেফতার করতে পারে না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

চিলির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে। তারা বলেছে, মানবিক বিবেচনায় তারা গুয়েভারাকে আশ্রয় দিয়েছে।

উল্লেখ্য, শনিবারে গুয়েভারা দেশটির রাজধানী কারাকাসে অবস্থিত চিলির দূতাবাসে প্রবেশ করেন। শুক্রবার ভেনিজুয়েলার আদালত গুয়েভারার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে গ্রেফতারের আদেশ দেয়। কিছুদিন আগের সরকারবিরোধী আন্দোলনে ইন্ধন জোগানোর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এমবি