সৌদি আরবের লোহিত সাগর উপকূলে প্রবল বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় অন্তত পাঁচ ব্যক্তি মারা গিয়েছে। আকস্মিক বন্যায় মর্মান্তিক ভাবে নিহত ব্যক্তিদের মধ্যে তিন শিশু রয়েছে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ আজ(মঙ্গলবার) এ কথা জানিয়েছে।

পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইয়ানবু’তে ১১ বছরের এক শিশু ডুবে মারা গেছে। উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ হাই’ল’এ বন্যার পানির তোড়ে ভেসে মারা গেছে আরেক শিশু। খবরে এ শিশুর বয়স উল্লেখ করা হয় নি। এ ছাড়া, জেদ্দার উপকণ্ঠে তৃতীয় শিশুর মারা গেছে। 

এ ছাড়া, জেদ্দায় ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে দুই ব্যক্তি । অপর আরেক নিখোঁজ শিশুর জন্য তল্লাসি অব্যাহত রেখেছে হাই’ল’এর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

লোহিত সাগর উপকূলীয় এলাকায় সৌদি স্কুল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সৌদি জরুরি বিভাগ দেশটির নাগরিকদের ঘরের বাইরে যেতে নিষেধ করেছে। এদিকে, লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ ছাড়া, প্রবল দমকা বাতাসও বইছে। আগামীকাল পর্যন্ত আবহাওয়া অপরিবর্তিত থাকবে বলে মনে করা হচ্ছে।

সৌদি নাগরিকরা বন্যার পানিতে তলিয়ে যাওয়া রাস্তাঘাটের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করছে। ২০০৯ সালে দেশটির একই এলাকায় ভয়াবহ বন্যায় ১২০ জনের বেশি মারা গিয়েছিল।

এদিকে সৌদি আবহাওয়া দফতর বলেছে, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টিপাত হতে পারে।

 

এমএ