ইসরাইলের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, গত জুলাই-আগস্ট মাসে গাজা উপত্যাকায় ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের ওপর ‘নির্বিচার হামলা’চালিয়েছিল। সংস্থাটির ‘নো সে প্লেস’নামের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ফিজিশিয়ান্স ফর হিউম্যান রাইটস ইসরাইল নামের ওই সংস্থাটির আটজন ‘নিরপেক্ষ আন্তর্জাতিক চিকিৎসা বিশেষজ্ঞ’গাজায় তথ্যানুসন্ধান মিশন পরিচালনা করে। তারা দেখতে পায়, ইসরাইলি সেনাবাহিনী চিকিৎসাকর্মীদের ওপর হামলা চালিয়েছিল এবং তারাই মানবঢাল ব্যবহার করেছিল।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলিরা আবাসিক এলাকাগুলোতে বিপুল বিস্ফোরক ব্যবহার করে, এতে বেসামরিক প্রাণহানি হয় ব্যাপক। ইসরাইল একটি স্থানেই অনেকগুলো হামলা চালায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, ২১ জুলাই ইসরাইলিরা দেই আল বালার শুহাদা আল আকসা হাসপাতালে দৃশ্যত পরিকল্পিত হামলঅ চালায়। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়।
চিকিৎসা বিশেষজ্ঞরা হামলায় আহত ৬৮ জনের সাক্ষাতকার নেয়। এদের মাত্র পাঁচজন জানিয়েছেন, হামলার আগে তারা হুঁশিয়ারি শুনতে পেয়েছিলেন।
এতে ২৩ জুলাই একটি বাড়ি দখল করে অধিবাসীদের প্রহার করা, খাবার না দেয়ার কথা বলা হয়েছে। তাদের একজনকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। ইসরাইলি সৈন্যরা ওই বাড়ির বাসিন্দাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছিল।
এতে বলা হয়, হামলার সময় ইসরাইলি সৈন্যরা কোনো ধরনের বাছবিচার করেনি। আর তারা হামলা চালিয়েছিল শীর্ষ কমান্ডের নির্দেশেই।
এমকে





