ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার গত দশ বছরে কমেছে ৫ শতাংশ। ২০০১ থেকে ২০১১ সাল এই দশ বছরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২৪ শতাংশ। অথচ এর আগের দশক অর্থ্যাৎ ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২৯ শতাংশ। তবে, মোট জনসংখ্যার অনুপাতে মুসলিমদের সংখ্যা বেড়েছে ১৮ শতাংশ। ধর্মভিত্তিক এক জনসংখ্যা জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

জরিপ অনুযায়ী, ভারতে মোট জনসংখ্যার ১৪ দশমিক ২ শতাংশ হচ্ছে মুসলিমরা; দশ বছর আগে যা ছিল ১৩ দশমিক ৪ শতাংশ। মুসলমানদের বৃদ্ধির হার সবচেয়ে বেশি আসাম প্রদেশে। সেখানে ২০০১ সালে বৃদ্ধির হার ছিল ৩০ দশমিক ৯ শতাংশ। ২০১১ সালে এই বৃদ্ধির হার দাঁড়ায় ৩৪ দশমিক ২ শতাংশে। আসামে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির জন্য বাংলাদেশ থেকে সেখানে অভিবাসনকে দায়ী করা হয়েছে জরিপে।

আসামের পরই মুসলিম জনসংখ্যা বৃদ্ধির দিক থেকে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০০১ সালে প্রদেশটিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২৫ দশমিক ২ শতাংশ; এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৭ শতাংশে। অর্থ্যাৎ দশ বছরে প্রদেশটিতে মুসলিম বৃদ্ধির হার বেড়েছে এক দশমিক ৯ শতাংশ, যা জাতীয়ভাবে মুসলিম বৃদ্ধির হারের চেয়ে দ্বিগুণেরও বেশি। জাতীয়ভাবে মুসলিম বৃদ্ধির হার বেড়েছে দশমিক ৮ শতাংশ (০.৮%)।

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির দিক থেকে এগিয়ে থাকা আরেক প্রদেশ হচ্ছে উত্তরাখন্ড। সেখানে ২০০১ সালে বৃদ্ধির হার ছিল ১১ দশমিক ৯ শতাংশ; ২০১১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯ শতাংশে।

এমএ