ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে রাশিয়া ও আমেরিকা আগামী ২৪ নভেম্বরের মধ্যেই চূড়ান্ত চুক্তি সই হওয়ার পক্ষে। এ কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। চূড়ান্ত চুক্তি যাতে হয় সেজন্য এ দুই দেশ সর্বাত্মক চেষ্টা করবে বলেও তিনি জানিয়েছেন।

ল্যাভরভ বলেন, “এই সময়সীমার মধ্যে একটি চুক্তি সম্পাদনের বিষয়ে আমেরিকার সঙ্গে আমাদের একটা সমঝোতামূলক অবস্থান রয়েছে।” চীনের রাজধানী বেইজিংয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ফোরাম বা অ্যাপেক সম্মেলনের অবকাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক শেষে সের্গেই ল্যাভরভ এসব কথা বলেন।

তিনি বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠী এখন বৈঠক করছে মূলত তেহরানের ওপর থেকে ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিবর্তে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির নিশ্চয়তার জন্য।

ইরান ও ছয় জাতিগোষ্ঠী যখন ওমানের রাজধানী মাস্কাটে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে তার আগ মুহূর্তে ল্যাভরভ চুক্তির বিষয়ে এমন আশাবাদ ব্যক্ত করলেন।

রোববার থেকেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন বৈঠক করবেন। পরের দিন বৈঠকে বসবে দু পক্ষের অন্য আলোচকরা।

ইআর