সৌদি আরবের মাজমাহ জেলার ওর্তাভিয়া’য় একটি মসজিদে মুয়াজ্জিনের ছোঁড়া গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। একই ঘটনায় এক ভারতীয় প্রবাসী আহত হন।
নিহত বাংলাদেশীর নাম মোহাম্মদ রফিক তাজুল ইসলাম (৩২)। তার বাড়ি শরিয়তপুর জেলার খোলাপাড়া গ্রামে।
রিয়াদ থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ওর্তাভিয়া’য় রোববার বিকাল সাড়ে ৩টায় আসরের নামাজের সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিনকে আজানের আগে ডেকে দেয়ার দায়িত্ব ছিল রফিকের। কিন্তু ওইদিন সে সঠিক সময়ে ডেকে দিতে না পারায় মুয়াজ্জিন রাগান্বিত হয়ে তাকে গুলি করে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে রফিকের লাশ উদ্ধার করে।
একই ঘটনায় অপর এক ভারতীয় শ্রমিকের শরীরে দুইটি গুলি লাগে। বর্তমানে সে মাজমাহ’র কিং খালেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
অভিযুক্ত মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। তিনি স্থানীয় একটি মানসিক হাসপাতাল থেকে নিয়মিত চিকিৎসা নেন।
রিয়াদস্থ বাংলাদেশী দূতাবাসের শ্রম উপদেষ্টা মোহাম্মদ সরওয়ার আলম বুধবার জানান, নিহত রফিক ওই মসজিদে কিছুদিন ধরে কাজ করছিলেন। তার পরিবারকে এ বিষয়ে জানানো হয়েছে। সূত্র: আরবনিউজ।
কেএইচ





