উত্তর কোরিয় নেতা কিম জং-উনের ছোট বোনকে ক্ষমতাসীন দলের একটি গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ২০ বছর বয়সি কিম ইও-জং’কে দলের শক্তিশালী কেন্দ্রীয় কমিটির একটি বিভাগের উপ-পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

উত্তর কোরিয়া শাসনকারী কিম পরিবারের তৃতীয় প্রজন্মের নেতা কিম জং-উন। তার ফুফু কয়েক দশক ধরে দলে প্রভাবশালী ভূমিকা পালন করেন। কিন্তু গত বছর তার স্বামীকে রাষ্ট্রদ্রোহের অপরাধে ফাঁসি দেয়ার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।

পর্যবেক্ষকরা মনে করছেন নেতার ছোট বোন কিম ইও-জং দল এবং দেশকে নেতৃত্ব দেয়ার মতো যোগ্যতা রাখেন এবং ভবিষ্যতে তার প্রমাণও দিতে পারবেন তিনি।

২০১১ সালে পিতা কিম জং-ইলের অন্তেস্টিক্রিয়ায় তাকে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গিয়েছিল। এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে বেশ কয়েকবার হাজির হয়েছেন তিনি। এ ছাড়া, ভাইয়ের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক সফরে গেলেও এতদিন তাকে দলে কোনো পদ দেয়া হয়নি।

৩১ বছর বয়সি কিম জং-উন ও তার বোন ইও-জং দু’জনই কিম জং-ইলের দ্বিতীয় স্ত্রী কো ইয়ং-হুই’র সন্তান। তাদের বড় সৎ ভাই’র কিম জং-চোলের মতো তারাও সুইজারল্যান্ডের একটি আবাসিক স্কুলে লেখাপড়া করেছেন। তবে কিম জং-চোলকে ক্ষমতাসীন দল বা সরকারের কোনো পদ দেয়া হয়নি এবং তাকে সাধারণত জনসমক্ষে দেখাও যায় না।

ইআর