যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার ফেইসবুক পেইজের ফ্যান সংখ্যা শুক্রবার (১৩ই মে)ত্রিশ লক্ষ ছাড়িয়েছে। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র দূতাবাসগুলোর মধ্যে এই প্রথম কোন দূতাবাসের ফেইসবুক পেইজ এই মাইলফলক পার করলো।

ঢাকায় আমেরিকান দূতাবাস থেকে পাঠানো এক প্রেসবার্তায় এ তথ্য জানানো হয়।

এ উপলক্ষে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, “প্রতিদিন আমাদের ফেইসবুক পেইজের মাধ্যমে আমরা হাজারো বাংলাদেশীর সাথে নারীর ক্ষমতায়ন, শ্রম ও বাণিজ্য, মানবাধিকার এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করি যা আমাদের দু’দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “বাংলাদেশীরা বিতর্ক এবং আইডিয়া ভাগাভাগি করে নিতে পছন্দ করে।  আমি আনন্দিত যে আমাদের ফেইসবুক পেইজ আমাদের ফ্যানদের জন্য প্রাণবন্ত আলোচনার একটি জায়গা হয়ে উঠেছে এবং সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র দূতাবাস পেইজ-এর স্থান লাভ করেছে। আমরাই অপরাজিত চ্যাম্পিয়ান!” 

দূতাবাসের ফেইসবুক বন্ধুদের সম্মানে রাষ্ট্রদূত বার্নিকাট রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা “দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই”(Old and New) কবিতাটি আবৃত্তি করেছেন। তাঁর আবৃত্তি ভিডিওর লিংক হলো: https://goo.gl/8F3liN

যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার ফেইসবুক পেইজে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার সুযোগ-সুবিধা, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা এবং ভিসা বিষয়ে কনস্যুলার কর্মকর্তাদের সাথে সরাসরি চ্যাটকরার সুযোগ রয়েছে বলেও প্রেসবার্তায় জানানো হয়।

এতে বলা হয়, এই ফেইসবুক পেইজ এখন প্রতিমাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিশেষজ্ঞদের সাথে লাইভ চ্যাটের সুযোগ দিচ্ছে। এ সব বিষয়ে আরো তথ্যের জন্য ফেইসবুক পেইজের নিচের ওয়েব লিংক ভিজিট করারও অনুরোধ জানানো হয় প্রেসবার্তায়:  https://www.facebook.com/bangladesh.usembassy/

কেবি