পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ একটি বিশেষ বিমানে করে দেশত্যাগ করতে যাচ্ছেন বলে দেশটিতে গুজব ছড়িয়ে পড়েছে। রাওয়ালপিন্ডির নুর খান বিমান ঘাঁটি থেকে তাকে বহনকারী বিমান পারস্য উপসাগরীয় একটি দেশের উদ্দেশ্যে আকাশে উড়তে পারে বলে জানিয়েছে ডনঅনলাইন।
গত সপ্তাহে জেনারেলের মা মারাত্মক অসুস্থ অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর পাওয়ার পর মুশাররফের রক্তচাপ বেড়ে যায়। এ অবস্থায় তাকে রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর বিশেষায়িত হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা করা হয়। জেনারেল মুশাররফ এ সময় শারজায় তার মাকে দেখতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
তিনি পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকার কারণে এ গুজব রটে যায় যে, বিচার বিভাগের হুলিয়া থাকার পরও সেনাবাহিনী তাকে বিশেষ ব্যবস্থায় বিদেশে পাঠিয়ে দিতে পারে।
এদিকে জেনারেল মুশাররফের আইনজীবী ফারুক নাসিম সাবেক সেনাশাসককে দেশত্যাগের অনুমতি দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে নাসিম বলেন, বিশেষ আদালতের বিচারক তার রাষ্ট্রদ্রোহিতার মামলার শুনানিতে বলেছেন, মুশাররফ বিচার বিভাগের কারাগারে আটক নেই এবং তিনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো ওই আবেদনের জবাব দেয়নি।
সোমবার পাকিস্তানের একটি বিশেষ আদালত জেনারেল মুশাররফকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত করে। তবে একইসঙ্গে আদালত তাকে মামলার শুনানিতে হাজিরা দেয়ার বাধ্যবাধতকা থেকে মুক্তি দেয়। আগামী ১৫ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডিডটকম) // টিআই