ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন। ১৯৭৯ সালের পর এ দু’টি দেশের মধ্যে এ ধরনের উচ্চ পর্যায়ের এটি হবে প্রথম বৈঠক। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একথা বলা হয়।

নিউইয়র্কে জাতিসংঘ শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠককালে ক্যামেরন ইসলামিক স্টেটের (আইএস) জিহাদিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে যোগ দিতে রুহানির প্রতি আহবান জানাবেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের মধ্যে প্রত্যক্ষ আলোচনার পর পরিকল্পিত এ বৈঠক হতে যাচ্ছে। বৈঠকের লক্ষ্য হচ্ছে জিহাদি গ্রুপকে মোকাবেলায় এ অঞ্চলে ক্ষমতাধর দেশগুলোর সমর্থনে তেহরানকে কাছে টানা।

আইএস জঙ্গিরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক নৃশংসতা চালিয়েছে। তারা অনেকের শিরশ্ছেদও করেছে। আইএস গ্রুপ ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে নিয়েছে।

আইএস যোদ্ধারা এ মাসের গোড়ার দিকে ব্রিটিশ ত্রাণ কর্মী ডেভিড হাইন্সকে হত্যা এবং ব্রিটিশ জিম্মিদের আবারো হুমকি দেয়ার পর ক্যামেরন এ গ্রপকে নির্মূল করার অঙ্গিকার করেন।

ব্রিটিশ এ নেতা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে বিদ্রোহী গ্রুপ হিসেবে আইএসকে দমনে বিশ্বকে একত্রিত হওয়ার আহবান জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে তেহরানের সাথে বৃটেনের কুটনৈতিক সম্পর্ক ভেঙ্গে যায়।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ