হিন্দু মুসলিম দ্বন্দ্ব অনেক দিনের। কিন্তু তার মধ্যেও এমন কিছু ভালোবাসা এবং মানবিকতা মনকে ছুঁয়ে যায়। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। সেখানে হিন্দু মুসলিম একে অপরকে কিডনি দান করে প্রাণ বাঁচালেন বলে জানিয়েছে জি নিউজ।

গত ২ মাস ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন মহারাষ্ট্রের মুসলিম যুবক মোইজ সিদ্দিকি। নিয়মিত তার ডায়ালিসিসও করানো হচ্ছিল। কিন্তু হঠাৎ তার দুটো কিডনিই অকেজো হয়ে পড়ে।

চিকিৎসকরা জানান, এখনই তার কিডনি প্রতিস্থাপন করা না হলে তিনি মারা যেতে পারেন। ওই যুবকের স্ত্রী নিজের একটা কিডনি দান করতে চান। কিন্তু তার ব্লাড গ্রুপের সঙ্গে তার স্বামীর ব্লাড গ্রুপ মেলে না। এমনকি পরিবারের কারও পক্ষেই ওই যুবকে কিডনি দান করা সম্ভব নয়।

আবার অন্যদিকে মহারাষ্ট্রেরই অন্য এক জেলায় ওই একই কিডনির সমস্যায় ভুগছিলেন হিন্দু গৃহবধু নর্মদা সুরেশ। তারও ডায়ালিসিস করার পর চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন।

ওই গৃহবধূরও পরিবারের কারও সঙ্গে রক্তের গ্রুপ মিলছিল না। এ অবস্থায় চিকিৎকরা দুটো পরিবারের সঙ্গেই কিডনি প্রতিস্থাপনের বিষয় নিয়ে আলোচনা করেন।

জানান, যদি তাদের দুই পরিবারের সদস্যরা একে অন্যকে কিডনি দান করেন, তাহলে দুটি জীবনই বেঁচে যাবে। চিকিৎসকের পরামর্শে হিন্দু গৃহবধূর মা মুসলিম যুবককে কিডনি দান করেন, আর মুসলিম যুবকের স্ত্রী হিন্দু গৃহবধূকে কিডনি দান করেন। কিডনি প্রতিস্থাপনের পর দুজনেই সুস্থ জীবন ফিরে পান।

ওএফ