শ্রীলংকার প্রধান মুসলিম পার্টি রোববার রাজাপাকসে সরকার থেকে বেরিয়ে বিরোধী পক্ষের প্রতি সমর্থনের অঙ্গীকার করেছে। এ ঘটনাকে প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের আগামী নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পথে এ পর্যন্ত সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শ্রীলংকা মুসলিম কংগ্রেস নেতা রউফ হাকিম রাজাপাকসে সরকারের বিচার মন্ত্রীর পদে ইস্তফা ঘোষণা করে আগামী ৮ জানুয়ারির নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী মৈত্রীপাল সিরিসেনার বিজয়ের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন।
হাকিম বলেন, ২০১০ সালে প্রেসিডেন্ট পদে দুই মেয়াদে নির্বাচনের সীমা তুলে দিয়ে প্রেসিডেন্টের হাতে পুলিশ, বিচার বিভাগ ও সরকারি কর্মচারীদের ওপর ব্যাপক ক্ষমতা অর্পণ করে পাস হওয়া একটি আইনের ব্যাপারে মতপার্থক্যের কারণে তার দল সরকার থেকে বেরিয়ে এসেছে।
হাকিম সাংবাদিকদের বলেন, ‘সুশাসন আমাদের জন্য প্রধান ইস্যু। আমরা ২০১০ সালের আইনটির পক্ষে ভোট দিতে রাজি হওয়ার জন্য দোষী। তবে এখন আমরা এই পরিস্থিতির প্রতিকার করতে চাই।’
সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সরকারের একটি সূত্র মুসলিম পার্টির সরকার ছেড়ে যাওয়াকে তাদের নির্বাচনী প্রচারণার একটি বড় বাধা হিসেবে উল্লেখ করেন।
মুসলিমরা শ্রীলংকার দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়। প্রথম অবস্থানে রয়েছে হিন্দু সম্প্রদায়। মোট ভোটারের মধ্যে মুসলিম ভোটারের সংখ্যা শতকরা ১০ ভাগ। জানুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ সিংহলিরা সমান দু’ভাগে ভাগ হয়ে গেলে মুসলিম পার্টি কিং মেকার হিসেবে আবির্ভূত হতে পারে।
এমএ





