স্থিতিশীলতা বিনষ্ট করে অরাজক পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন চলাকালে অধিবেশনের হলের বাইরে মার্কিন পতাকা পোড়ানোর চেষ্টার সময় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় দুই ব্যক্তি এবং ১৫ জনকে হামলা ও অপতৎপরতা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি।
ক্লিভল্যান্ডের পুলিশপ্রধান ক্যালভিন উইলিয়ামস বলেন, ‘এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়েছে। তারা সামান্য আঘাত পেয়েছেন।'
পুলিশ জানায়, কুইকেন লনস অ্যারেনার প্রবেশ এলাকার সামনের রাস্তায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়। সেখানে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে দলের সদস্যরা আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান।
উইলিয়ামস বলেন, ‘এক বিক্ষোভকারী একটি মার্কিন পতাকায় আগুন ধরানোর চেষ্টাকালে তার প্যান্টে আগুন ধরে যায়। সেসময় এক পুলিশ কর্মকর্তা আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় ওই বিক্ষোভকারী তাকে ঘুষি ও ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করে।'
তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে ধস্তাধস্তির সময় পাশের দুই ব্যক্তির প্যান্টেও আগুন ধরে যায়। অশ্বারোহী পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় বিক্ষোভকারীদের আটক করেন।'
পুলিশপ্রধান আরও জানান, এ সময় এক নারী বিক্ষোভকারী আরেকটি পতাকায় আগুন ধরানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাকে বাধা দেয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পুলিশ কর্মকর্তা পতাকাটি ওই নারীর হাত থেকে ছিনিয়ে নেন।পরে ওই নারীকে গ্রেফতার করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘ওকে ছেড়ে দাও!’ বলে চিৎকার করে স্লোগান দিতে থাকে বলেও জানিয়েছে পুলিশ।
ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান বলেন, ‘তিন দিন ধরে এই অধিবেশন চলাকালে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।'
জেড





