মিশরের নিরাপত্তা বাহিনী আলেক্সান্দ্রিয়ায় মসজিদের একজন ইমামকে পিটিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার শহরের আজামি এলাকায় অবস্থিতি আলী ইবনে আবি তালেব মসজিদের ইমাম শেখ আকরামকে হত্যা করে তারা।
নিহত ইমামের বিরুদ্ধে  মসজিদের মুসল্লিদের মধ্যে ‘সরকার বিরোধী মনোভাব ছড়িয়ে’ দেয়ার অভিযোগ  এনেছিল স্থানীয় প্রশাসন। শেখ আকরামের পরিবারের সদস্যরা বলেছেন,নিরাপত্তা বাহিনীর সদস্যরা জোর করে ঘরে ঢুকে তাকে বেদম পেটাতে থাকে এবং এক পর্যায়ে তাকে বহুতল ভবনের ব্যালকনি থেকে নীচে ফেলে দেয়। এর ফলে ঘটনাস্থলেই মারা যান মসজিদের ইমাম। অবশ্য নিরাপত্তা বাহিনী দাবি করেছে,পালাতে গিয়ে মারা গেছেন তিনি।
মিশরের সেনাবাহিনী ২০১৩ সালের ৩ জুলাই এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে। তখন থেকে দেশটির বিরোধী মতের লোককদের উপর চলছে নজির বিহীন নিপীড়ন। বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন অভিযানে গত ছয় মাসে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানুয়ারি মাসের গোড়ার দিকে অভিযোগ করেছে,মিশরের নিরাপত্তা বাহিনী সরকার বিরোধীদের দমন করতে গিয়ে অত্যধিক বলপ্রয়োগ করছে।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]