থাইল্যান্ডের রাজধানীতে ভয়াবহ বোমা হামলার পর বুধবার ফের খুলে দেয়া হয়েছে মন্দির। এরপর সন্ন্যাসীরা সেখানে প্রার্থনা করেন। সোমবার সন্ধ্যায় ওই মন্দিরে ভয়াবহ বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়।

এদিকে পুলিশ মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সন্দেহভাজন এক ব্যক্তিকে খুঁজছেন। ভিডিও ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি কিছু একটা স্থাপন করছেন। আর সেটি বোমা ছিল বলে ধারণা করা হচ্ছে।

ব্যাংককের পর্যটন ও বাণিজ্যিক কেন্দ্রে জনপ্রিয় এরাওয়ান মন্দিরে এ বোমা চালানো হয়। তবে এখন পর্যন্ত কেউ দায়িত্ব স্বীকার করেনি। বোমা হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ১১ বিদেশী পর্যটক রয়েছেন। আহত হন শতাধিক লোক।

পুলিশ জানায়, মঙ্গলবার ব্যাংককের একটি জেটিতে দ্বিতীয় হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সোমবারের হামলার সঙ্গে মঙ্গলবারের হামলার যোগসূত্র থাকতে পারে। সম্প্রতি হামলার ঘটনায় ব্যাংককের বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, বুধবার সকালে বৌদ্ধ মন্দির পুনরায় খুলে দেয়ার পর সেখানে সন্ন্যাসীরা প্রার্থনা করেন। এছাড়া পর্যটকসহ পূণ্যার্থীরা মন্দিরে নতজানু হয়ে বসে ছিলেন।

জেডআই