'অল রাইট, গুড নাইট', এটিই ছিল হারিয়ে যাওয়া বিমান থেকে সর্বশেষ মেসেজ (তথ্য)। মালয়েশিয়ার সিভিল এভিয়েশন কর্মকর্তা জুলাঝরি মোহাম্মদ আনোয়ার শুক্রবার এ কথা জানিয়েছেন। খবর সিএনএন'র।
তবে, কে কাকে গুড নাইট জানিয়েছেন তা বোধগম্য নয়। তবে, তা পাইলট বা তার সহকারীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
'এমএইচ-৩৭০' নামের হারিয়ে যাওয়া মালয়েশিয়া এয়ারলাইন্স নিয়ে রহস্য যেন ধূমায়িত হচ্ছে। আর কয়েক ঘণ্টা পেরোলেই বিমান হারানোর ঘটনা এক সপ্তাহে পদার্পণ করবে। কিন্তু এখনো পর্যন্ত বিমানের কোন হদিস করতে পারেনি কেউ। বিমান খুঁজতে কাজ করে যাচ্ছে মালয়েশিয়া, ভিয়েতনাম, চীন, যুক্তরাষ্ট্রসহ ১১টি দেশ। এমনকি শুক্রবার ভারতও যোগ দিয়েছে অনুসন্ধানকাজে। বিশ্বের অত্যাধুনিক সব প্রযুক্তি দিয়ে খোঁজার পরও বিমানটিকে খুজে পাওয়া যাচ্ছে না।
বিমান নিখোঁজের পিছনে এখন পাইলট ও তার সহকারীকে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর তা পথ পরিবর্তন করে। ভিয়েতনাম উপকূলের কাছে দক্ষিণ চীন সাগরে বিমানটি হারিয়ে যায়। কিন্তু হারিয়ে যাওয়ার পরও বিমানটি আকাশে কয়েক ঘণ্টা উড়েছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। বিমানটি বেইজিং ছেড়ে বরং উল্টো মালয়েশিয়ার উপর দিয়ে উড়ে ভারত মহাসাগরের আন্দামান-নিকোবর দ্বীপের দিকে চলে আসে। সে অনুমানের ভিত্তিতেই এখন আন্দামান-নিকোবরের নিকটবর্তী সাগরে অনুসন্ধান চালানো শুরু হয়েছে।
এর আগে দক্ষিণ চীন সাগরে চীনের ১০টি স্যাটেলাইট, কয়েক ডজন বিমান ও উদ্ধারকারী জাহাজ তন্নতন্ন করে খুঁজেও বিমানের কোন সন্ধান করা সম্ভব হয়নি। উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে বিমানটি নিখোঁজ হয়। সূত্র: সিএনএন
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]