গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে শুক্রবার ফিলিস্তিনের পশ্চিমতীরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে দু’জন ফিলিস্তিনি নিহত ও দুই শতাধিক বিক্ষোভকারী আহত হন। ১৯৮০ সালের পর ফিলিস্তিনে এটিই সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা।
কমপক্ষে ১০ হাজার বিক্ষোভকারী রামাল্লা থেকে পূর্ব জেরুজালেম অভিমুখে মিছিল করেন। কিন্তু সেখানে ইসরাইলি বাহিনীর বাধার মুখে বিক্ষোভকারীরা সামনে এগুতে পারেননি। ফলে সেখানে উভয় পক্ষে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ সংগঠন পশ্চিম তীরে এ বিক্ষোভের ডাক দেয়।
পশ্চিম তীরের ফিলিস্তিনি নেতারা শুক্রবার ক্ষোভ প্রকাশের দিন ঘোষণা করেন।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জেরুজালেমেও বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।
ইসরাইলি বাহিনী পূর্ব জেরুজালেম অভিমুখী বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয়ার খবর নিশ্চিত করেছে। এ সময় পশ্চিম তীরে বিক্ষোভকারীরা ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করছিলেন এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রেখেছিলেন।
এদিকে গাজায় ইসরাইলের বর্বর হামলায় নিহতের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ৮ জুলাই এ সংঘাত শুরুর পর থেকে এ নিয়ে ৮ শতাধিক ফিলিস্তিনি ও ৮২ জন ইসরাইলি নিহত হয়েছে। উল্লেখ্য, গাজায় ইসরাইলি হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সূত্র: বাসস
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ





