আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ ও আশরাফ গণি জাতীয় ঐক্য সরকার গঠনে রাজি হয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে দু দিনের বৈঠক শেষে শুক্রবার আব্দুল্লাহ আব্দুল্লাহ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এ বিষয়ে যৌথ ঘোষণায় আব্দুল্লাহ আব্দুল্লাহ ও আশরাফ গণি সই করলেও সরকার গঠনের রূপরেখা নিয়ে বিস্তারিত জানাতে পারেন নি। রূপরেখায় শুধু বলা হয়েছে- সরকারের কাঠামো ঠিক করতে একটি কমিশন গঠন করা হবে।

এর আগে, জন কেরি বৃহস্পতিবার রাতে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ ও আশরাফ গণির সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ১৫ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর আফগানিস্তানে যে সংকট দেখা দিয়েছিল তা যেন আরো গভীর না হয় সে প্রচেষ্টার অংশ হিসেবে এ ঐক্য সরকার গঠন করা হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে আশরাফ গণিকে বিজয়ী ঘোষণা করা হয় তবে আব্দুল্লাহ আব্দুল্লাহ তা প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করতে থাকেন- প্রথম দফার নির্বাচনে তিনি বিপুল ভোটে এগিয়ে ছিলেন এবং দ্বিতীয় দফার ভোটে তাকে কারচুপির মাধ্যমে হারিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এ পরিস্থিতিতে আফগানিস্তানে গভীর সংকট সৃষ্টির আশংকা দেখা দেয়। সূত্র: বিবিসি, আল-জাজিরা।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই