চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিও আজ (শনিবার) সিঙ্গাপুরে বৈঠক করেছেন। গত ৬৬ বছরের ইতিহাসে এই প্রথম দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হলো। বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেছেন, “আমরা একটি পরিবার। বিশ্বের কোনো শক্তিই আমাদেরকে আলাদা করতে পারবে না।”

এর জবাবে তাইওয়ানের প্রেসিডেন্ট বলেন, “এটা আমাদের প্রথম বৈঠক হলেও আমরা পুরনো বন্ধুর মতো। আমাদের চোখে এখন শত্রুতার পরিবর্তে বন্ধুত্বের প্রভাব ভেসে উঠছে।” খুব শিগগিরই দুই দেশের বন্ধুত্বের ফলাফল দেখা যাবে বলে আশা করেন তাইওয়ানের প্রেসিডেন্ট।

২০০৮ সালে মা ইং-জিও তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে তাইপে ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে। এরইমধ্যে দুই দেশের মধ্যে শত্রুতা কমেছে।

পশ্চিম প্রশান্ত মহাসাগরের তাইওয়ান প্রণালী চীন ও তাইওয়ানকে বিভক্ত করেছে। ১৯৪৯ সালের গৃহযুদ্ধের পর চীন থেকে আলাদা হওয়ার ঘোষণা দেয় তাইওয়ান। কিন্তু চীন এখনো তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে। অবশ্য তাইওয়ান এখনো চীনকে হুমকি হিসেবেই গণ্য করে।

সূত্র: রেতে।

এআই