সিরিয়ায় রাজধানী দামেস্কোয় ইরানি ও সিরিয়ান সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমানহামলা চালিয়েছে ইসরাইল। এ হামলাকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে রাশিয়া।

বুধবার দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেন, সিরিয়ায় বিমানহামলা ইসরাইলের ভুল সিদ্ধান্ত এবং মস্কো এ ঘটনায় তার মিত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক এ তথ্য জানিয়েছে।

ইসরাইল বলছে, একদিন আগে দেশটির দিকে রকেট ও গুলির প্রতিশোধ নিতে বুধবার সিরিয়ায় কয়েক ডজন ইরানি ও সিরিয়ান সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

এদিকে ইসরাইলি হামলা প্রতিহতের কথা জানিয়েছে সিরিয়া সরকার। দেশটির গণমাধ্যমের খবর বলা হয়েছে, বুধবার মাঝরাতে এই হামলার ঘটনা ঘটেছে।

একটি সামরিক সূত্রের বরাতে বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্কোর কাছাকাছি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান। সানা জানায়, লেবানন ও ফিলিস্তিনি ভূখণ্ড থেকে এই আগ্রাসন চালানো হয়েছে।

প্রতিবেশী লেবাননের ওপর দিয়ে উড়ে এসে প্রায়ই সিরিয়ায় হামলা চালায় ইসরাইলি বিমান।

বিদেশি শক্তির হস্তক্ষেপে সিরিয়ার গৃহযুদ্ধ এখন আরও জটিল রূপ নিয়েছে। ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়া থেকে উড়ে যাওয়া চারটি রকেট ধ্বংস করার পর এই বিমান হামলার খবর এসেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, মঙ্গলবার দামেস্কো সরকারের অনুগত বাহিনীর অবস্থান থেকে এসব রকেট ছোড়া হয়েছে।

‘আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেই ভারী হামলার মোকাবেলা করেছে। শত্রুদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে। লক্ষ্যবস্তুতে হামলার আগেই ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে।’

দামেস্কোয় বেশ কিছু বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বার্তা সংস্থা এএফপির দামেস্কো প্রতিনিধি।

এমআর