আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগর প্রদেশে বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগান প্রধান আবু সাদ আরহাবি নিহত হয়েছেন। গতকাল রোববার এ ঘটনা ঘটে। এ হামলায় আরও দশ জঙ্গি নিহত হয়েছে। 

দেশটির জাতীয় নিরাপত্তা অধিদফতর এক বিবৃতিতে জানিয়েছে, জোট বাহিনীর একটি যৌথ অভিযানে আইএসের আফগান প্রধান আবু সাদ ইরহাবি ও তার দশ সহযোগী নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিমান হামলায় পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত খুগিয়ানি জেলায় বহু সংখ্যক অস্ত্র, বিস্ফোরক এবং গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, রবিবার (২৬ আগস্ট) রাতে আফগান সেনাবাহিনীর বিমান হামলায় দেশটিতে আইএস এর প্রধান নেতা ও তার ১০ সহযোগী নিহত হয়েছে। নিহত আরহাবি পাকিস্তানের ওরাকজাই এজেন্সির স্থায়ী অধিবাসী বলেও জানান তিনি।

আফগানিস্তানে মার্কিন বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, তারা আফগান বাহিনীর বর্ণিত এলাকায় একটি শীর্ষ জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছেন।

২০১৫ সালে আফগানিস্তানে আইএসের প্রবেশের পর ইরহাবিসহ চারজন আইএসের শীর্ষ নেতা নিহত হয়েছে। এর আগে গত জুলাই মাসে আবু সায়েদ নামে আইসের আরও এক শীর্ষ নেতা মার্কিন ড্রোন হামলায় নিহত হয়।