ডোনাল্ড ট্রাম্পকে মারমুখী এবং হাস্যকর চরিত্র বলে ব্যাঙ্গ করেছেন হিলারি ক্লিন্টন। ট্রাম্প প্রস্তাবিত বৈদেশিক নীতি ‘বিপজ্জনকভাবে অসঙ্গত’ বলেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রায় নিশ্চিত করে ফেলেছেন ট্রাম্প, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
ওদিকে, ডেমোক্র্যাটিক দল থেকে মনোনয়নের দৌড়ে হিলারি বাকি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটাই এগিয়ে আছেন।
বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোতে সমর্থকদের মাঝে এক বক্তৃতায় হিলারি বলেন, “ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব পরিকল্পনা শুধু অন্যরকমই নয়, বরং সেগুলো বিপজ্জনকভাবে অসংলগ্ন।”
“এমনকি সেগুলো বাস্তব পরিকল্পনাও নয়। সেগুলো আসলে উদ্ভট গলাবাজি, ব্যক্তিগত শত্রুতা এবং ডাহা মিথ্যা।”
৭ জুন ক্যালিফোর্নিয়ায় প্রাইমারির ভোট অনুষ্ঠিত হবে।
ডেমোক্র্যাটিক দল থেকে মনোনয়ন দৌড়ে এখনও হিলারির প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন বের্নি স্যান্ডার্স।
তবে মনোনয়ন পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী হিলারি বলেন, তিনি এখন আর স্যান্ডার্সকে নিয়ে ভাবছেন না। বরং তার মূল মনযোগ এখন ৮ নভেম্বরের নির্বাচন এবং সেখানে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে।
ডেমোক্র্যাট নেতারাও ট্রাম্পকে যোগ্য জবাব দেওয়ার উপায় খুঁজতে অস্থির সময় কাটাচ্ছেন।
মনোনয়ন দৌড়ের শুরুতে রিপাবলিকান দল থেকে ১৪ জন প্রতিদ্বন্দ্বী থাকলেও শেষ পর্যন্ত ট্রাম্পের কথার ধারে সবাই একে একে কাটা পড়ে।
ব্যক্তিগত অপমানের মাধ্যমে অসংযত ভঙ্গিতে প্রতিদ্বন্দ্বীদের আক্রমণ করেন ট্রাম্প। এজন্য দলের ভেতরেই দারুণভাবে সমালোচিত হলেও তাকে টেক্কা দিতে ব্যর্থ হয়ে বাকি প্রতিদ্বন্দ্বীরা নিজেরাই সরে দাঁড়ায়।
সম্প্রতি টুইটারে হিলারিকে তিনি ‘কুটিল হিলারি’ বলেছেন।
পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারির কার্যক্রমের সমালোচনা করে ট্রাম্প লেখেন, “কুটিল হিলারি ক্লিন্টনের খারাপ পারফরমেন্স!”
এমনকি হিলারির স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের অতীত নিয়েও হিলারিকে খোঁচা দিয়েছেন তিনি।
তবে ট্রাম্পের ব্যক্তিগত অপমানের মাধ্যমে আক্রমণের কৌশলে ভীত না হয়ে বরং পায়ে পা মিলিয়েই তার জবাব দিচ্ছেন হিলারি।
ট্রাম্পের পররাষ্ট্র নীতির অভিজ্ঞতার বর্ণনায় হিলারি বলেন, “তিনি পররাষ্ট্র নীতির অভিজ্ঞতা থাকার দাবি করেছেন, কারণ, তিনি রাশিয়ায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা পরিচালনার করেছেন।”
“নিজের ক্যাসিনো পরিচালনার মত করেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতি পরিচালনা করবেন।”
এফএফ





