গাজায় অপহৃত ইসরাইলি সেনা সদস্যকে অবিলম্বে নি:শর্ত মুক্তি দিতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন-হামাসের প্রতি আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, হামাস যদি চলমান সমস্যা সমাধানে সত্যিকারভাবে আন্তরিক হয়, তাহলে নিখোঁজ ইসরাইলি সেনাসদস্যকে যত দ্রুত সম্ভব শর্তহীনভাবে ছেড়ে দিতে হবে।

এর আগে গত শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করে যে, ফিলিস্তিনি যোদ্ধারা গাজার রাফাহ অঞ্চল থেকে তাদের একজন সেনাসদস্যকে অপহরণ করে নিয়ে যায়।

আগামীতে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির পূর্ব শর্ত হিসেবে ২৩ বছর বয়সি ইসরাইলি সেনাসদস্য হাদার গোলডিনকে মুক্তি দিতে হবে বলেও হামাসকে সতর্ক করেন ওবামা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতিই হতে পারে একমাত্র পথ যা হত্যাযজ্ঞ বন্ধ করতে পারে। আর এক্ষেত্রে হামাসকে এগিয়ে আসতে হবে এবং অপহৃত সেনাসদস্যকে মুক্তি দিতে হবে।

এদিকে, গাজায় চলমান ইসরাইলি বিমান ও স্থল হামলাকে ওবামা ইসরাইলের আত্মরক্ষার অধিকার হিসেবে আখ্যায়িত করেছেন। এ পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে ১৭০০’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ।

ইসরাইলের পক্ষে সাফাই গাইতে গিয়ে ওবামা যুক্তি দেন, কোন দেশের পক্ষেই এটা সহ্য করা সম্ভব নয় যে, তাদের শহরগুলোতে মিসাইল হামলা চলছে এবং তাদের মাটির নিচ দিয়ে টানেল টানা হচ্ছে।

এদিকে, জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনে নিহত ও আহতদের ৮০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। গত ২৬ দিনের ওই বর্বর হামলায় প্রায় ৯ হাজার ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন।

ইসরাইলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জদিন আল কাসসাম ব্রিগেড ইসরাইলকে লক্ষ্য করে রকেট ছুড়ছে। পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলছে নানাভাবে।

হামাসের পাল্টা হামলায় এ পর্যন্ত ইসরাইলের স্বীকারোক্তি মোতাবেক ৬০ সেনাসদস্য নিহত হয়েছেন। তবে হামাসের দাবি তারা ১৪৫ ইহুদীবাদী সেনাকে খতম করেছে।

এদিকে, ইসরাইলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনের ১৭০০ নাগরিক এবং আহত আরও প্রায় ৯০০০ বেসামরিক ব্যক্তিদের ব্যাপারে বারাক ওবামা কোন উচ্চবাচ্য করেননি বা ইসরাইলের প্রতি কোন নিন্দা জ্ঞাপন করেননি।   

ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি