ইসরাইলি সেনারা আবার  গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে,গত মধ্যরাতে বিমান হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার উত্তর অংশে অবস্থিত বেই হানুন শহরে একটি গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইলি বিমান। বেইত হানুনের হাসপাতাল সূত্র জানিয়েছে, এ হামলায় ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদের দুই সদস্য নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতরা রাস্তার পাশে রাখা একটি গাড়ির মধ্যে বসে থাকা অবস্থায় বিমান হামলার শিকার হন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা চালানোর হুমকি দেয়ার কয়েক ঘন্টার মধ্যে এ হামলা চালানো হয়।  
এ প্রেক্ষিতে হামাস সরকার ২০১২ সালের যুদ্ধবিরতি বজায় রাখতে ওই উপত্যকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। গত বছরের আটদিনব্যাপী যুদ্ধ শেষ হয়েছিল ওই যুদ্ধবিরতির মাধ্যমে। যুদ্ধবিরতিতে গাজা উপত্যকায় আর হামলা না চালাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল তেলআবিব।