কাশ্মীরে পাকিস্তান 'প্রক্সি যুদ্ধ' করছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার কাশ্মীর সফরে গিয়ে এ অভিযোগ করেন তিনি। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের কারগিলের লেহ এলাকায় সফরকালে এক বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
মোদি বলেন, পাকিস্তান মূলত 'নৈতিক যুদ্ধের' শক্তি হারিয়ে ফেলেছে। তবে তারা উস্কানিমূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
কার্গিল প্রসঙ্গে মোদি বলেন, বাজপেয়ি সরকার আমলে কার্গিল জয় আমাদের মনে এখনো তাজা হয়ে আছে। অটল বিহারী বাজপেয়ীর কার্গিল উন্নতির স্বপ্ন পূরণে বদ্ধপরিকর বর্তমান বিজেপি সরকার।
মোদি প্রতিজ্ঞা করে বলেন, কার্গিলের উন্নতির জন্য সব রকম সাহায্য করা হবে। কাশ্মীরের চাষিদের উন্নতমানের প্রযুক্তি দেওয়া হবে। আর খাদ্যশস্যের সুদ নিয়ে জম্মু-কাশ্মীরের সঙ্গে কেন্দ্রের যে বৈরিতা ছিল সে সুদ মওকুফের ঘোষণা দেন তিনি।
মোদি আরো বলেন, কাশ্মীরের বিখ্যাত পশমিনা শাল তৈরি ও তার ডিজাইনে আধুনিকতার ছোঁয়া আনবে কেন্দ্র সরকার।
জম্মু-কাশ্মীরে 'জাফরান বিপ্লব'-এর ডাক দিয়ে তিনি বলেন, জাফরান চাষিদের দিকে বিশেষ নজর দেবে কেন্দ্রীয় মশলা বোর্ড।
জনসভায় বক্তব্য শেষে লে-কার্গিল-শ্রীনগর ট্রান্সমিশন লাইন ও নিমু-বাজগো জল-বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন মোদি।
প্রসঙ্গত, ১৫ বছরের মধ্যে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে জম্মু ও কাশ্মীর সফর করলেন মোদি। জম্মু ও কাশ্মীর রাজ্যে চলতি বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ নিয়েই মোদির এই সফর। আর এমনটিই জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সূত্র: এনডিটিভি
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





