মালয়েশিয়া এয়ারলাইন্সের ওয়েবসাইটটি হ্যাক হয়েছে। এখন www.malaysiaairlines.com ওয়েবসাইটটি খুললেই দেখা যাচ্ছে, ‘৪০৪ প্ল্যান নট ফাউন্ড,হ্যাকড বাই লিজারড স্কোয়াড-অফিসিয়াল সাইবার খিলাফত’। এই বার্তা দেখেই নড়েচড়ে বসে মালয়েশিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
সোমবার হ্যাক হওয়ার পরে মালয়েশিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ওয়েবসাইটটি হ্যাক হয়নি। অন্য একটি সাইটের সাথে লিঙ্ক যোগ করে দেয়া হয়েছে মাত্র। কয়েক ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ পরিষেবা স্বাভাবিক করে দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবরে শুরু হয় জল্পনা। মালয়েশিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে ফের জানানো হয়, ‘গ্রাহকদের কোনো প্রকার পরিষেবা পেতে অসুবিধা হবে না। সমস্ত টিকিটের নথি সুরক্ষিতই থাকবে।’
গত মার্চে ২৩৯ জন যাত্রীসহ আকাশপথেই হারিয়ে যায় এম এইচ ৩৭০ বিমান। এরপর ১৭ জুলাই ইউক্রেনে ২৯৮ জন যাত্রীসহ এম এইচ ১৭ বিমানটিকে মিসাইল আক্রমণে উড়িয়ে দেয়া হয়।
ফের একবার মালয়েশিয়া এয়ারলাইন্স ওয়েবসাইট হ্যাকের ফলে চিন্তার ভাঁজ পড়েছে বিমান সংস্থাটির কপালে।
এমকে





