করোনাভাইরাসের বিস্তার রোধে পাকিস্তান ‘সময়োপযোগী’ এবং ‘জাতীয়ভাবে সবচেয়ে ভালো’ ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।

সংস্থাটির কান্ট্রি হেড ডা. পালিত গুনারত্নে মাহিপালা গতকাল শনিবার বলেন, ‘যখন অন্য সব দেশেই ব্যাপকহারে করোনা ধরা পড়ছে, পাকিস্তান তখন একে মোটামুটি দেশের বাইরেই রাখতে সক্ষম হচ্ছে। এটা প্রসংশার দাবি রাখে।’

পাকিস্তানের সরকারি হাসপাতালগুলোতে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ব্যবস্থা আরো বাড়ানোর আহ্বান জানান ডা. গুনারত্নে মাহিপালা। এর আগে করাচিসহ বিভিন্ন শহরের হাসপাতালে করোনা পরবর্তী কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পাকিস্তানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ জন। দেশটিতে কেউ এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।

গত শনিবার দেশটিতে তিনজন আক্রান্ত রোগী পাওয়া যায়, এর আগেরদিন ছয়জন নতুন করে আক্রান্ত করোনা রোগী পাওয়া যায়। ৩০ জনের মধ্যে দুইজন সুস্থ হয়েছেন আর বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। নেদারল্যান্ডের সংবাদ সংস্থা বিএনও নিউজ এ তথ্য জানিয়েছে।

এদিকে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৭৫ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৫ হাজার ৯৬৯ জন বলে জানা গেছে।

এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৫ হাজার ৯১০ জন। চীনে করোনাভাইরাসের প্রকোপ কমে এলেও বেশ কয়েক দিন থেকেই ইউরোপ রয়েছে আশঙ্কাজনক পরিস্থিতিতে।

এএস