বিতর্কিত দক্ষিণ চীন সাগরে দ্বীপ নির্মাণ করছে চীন। স্যাটেলাইট থেকে ধারণকৃত ছবিতে দ্বীপ নির্মাণের বিষয়টি ধরা পড়েছে বলে এক প্রতিরক্ষা প্রতিবেদনে জানা গেছে। শনিবার এ খবর জানিয়েছে এনডিটিভি। নতুন নির্মিতব্য এই দ্বীপটি একটি বিমানের রানওয়ের মতো লম্বা বলে জানা গেছে।
দক্ষিণ চীন সাগরে চীনের এ ধরনের তৎপরতায় চরম উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশগুলোসহ আমেরিকা। দক্ষিণ চীন সাগরে অবস্থিত স্প্রাটলি দ্বীপপুঞ্জের নিকট নির্মিত হচ্ছে এই নতুন দ্বীপ। গত ১২ থেকে ১৮ মাসের মধ্যে এটি হচ্ছে চতুর্থ দ্বীপ। এই দ্বীপটিই বৃহত্তম বলে জানা গেছে।
কমপক্ষে তিন কিলোমিটার দীর্ঘ এবং ২০০-৩০০ মিটার প্রস্থের এই দ্বীপটিতে বিমানের রানওয়ে ছাড়াও হ্যাঙ্গার নির্মাণের জন্য যথেষ্ট বলে জানা গেছে।
তবে, দ্বীপ নির্মাণের ব্যাপারে চীনের কোন বক্তব্য পাওয়া যায় নি। চীনা বিমান বাহিনীর এক কর্নেল জিন জিরুই দ্বীপ নির্মাণের বিষয়টি নিশ্চিত না করলেও তিনি জানান, দক্ষিণ চীন সাগরে কৌশলগত কারণেই চীনকে অবকাঠামো নির্মাণ করা প্রয়োজন। আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি বিরাজমান রাখার জন্যেই এটা করা উচিত বলে এই কর্নেল দাবি করেন।
উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে অবস্থিত স্প্রাটলি দ্বীপপুঞ্জ এবং এর আশপাশের জলসীমা নিয়ে চীন, ফিলিপাইন, ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের বিরোধ রয়েছে। কিন্তু চীন তার সামরিক শক্তি দিয়ে সেখানে গায়ের জোরে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ।
এমএ





