উনিশশ' সাতষট্টি সালের যুদ্ধে ইসরায়েল যে গোলান মালভূমি এলাকা দখল করে নিয়েছিল - তা আর ফেরত দেয়া হবে না, বলছেন ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই 'গোলান হাইটস' বা গোলান মালভূমি এলাকা সবসময় ইসরায়েলের নিয়ন্ত্রণেই থাকবে।

ইসরায়েলী সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার আন্তর্জাতিক প্রচেষ্টায় সিরিয়ার সরকার এই এলাকা ফিরে পাওয়ার দাবি জানাতে পারে।

এর পর আজ এই প্রথমবারের মতো গোলান হাইটসে ইসরায়েলী মন্ত্রীসভার এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে গোলান যে ইসরায়েলের অংশ - এ বার্তাই দেয়া হচ্ছে।

বৈঠক শেষে মি. নেতানিয়াহু স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে তার দেশ এই এলাকা কখনোই ছাড়বে না।

১৯৬৭ সালে আরবদের সাথে ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৮১তে এসে এলাকাটি নিজের অংশ বলে ঘোষণা দেয়।

কিন্তু আন্তর্জাতিক মহল কখনই ইসরায়েলের এই দাবির স্বীকৃতি দেয়নি।

সিরিয়াও সেই ১৯৬৭ থেকেই সামরিক কৌশলের দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই এলাকাটি ফিরিয়ে দেওয়ার দাবি করে আসছে।

কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্কার করে বললেন ফেরত দেওয়ার প্রশ্নই আসেনা, গোলান আজীবনের জন্য ইসরায়েলের অংশ থাকবে।

তার এই সংকল্প প্রমাণ করতে তিনি এই প্রথমবারের মত অধিকৃত এই অঞ্চলে তিনি তার মন্ত্রীসভার বৈঠক করেছেন আজ।

মন্ত্রীসভার ঐ বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, গোলান মালভূমিতে মন্ত্রীসভার এই বৈঠক তিনি করেছেন এই পরিস্কার বার্তা দিতে।

আর তা হল - গোলান চিরদিনের জন্য ইসরায়েলের অংশ হয়ে থাকবে। ইসরায়েল কখনই গোলান ছেড়ে যাবেনা।

কিন্তু কেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এভাবে স্পষ্ট করে এখন একথা বললেন?

পর্যবেক্ষকরা বলছেন, সিরিয়ায় গৃহযুদ্ধ পরবর্তী যে বোঝাপড়ার কথা এখন উঠছে, তাতে গোলান মালভূমির ভবিষ্যতও তার অংশ হবে।

সে কারণেই এখন হয়ত ইসরায়ের আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দিতে চাইছে, গোলান তাদের।

১৯৬৭ সালে দখলের পর থেকেই গোলান মালভূমিতে ইসরায়েলে বড় ধরণের সামরিক উপস্তিতি বজায় রেখেছে।

এছাড়া সেখানে ৩০টি ইহুদি বসতি স্থাপন করা হয়েছে যেখানে ২০,০০০ মানুষ বসবাস করছে।-বিবিসি।

ওএফ