ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানিয়েছেন, করোনাভাইরাসের টিকা ক্রয়ে এখন পর্যন্ত চীনের সিনোফার্মের সাথে বাংলাদেশের পক্ষ থেকে কোনো চুক্তিই হয়নি।

শনিবার (০৫ জুন) ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন।

গত ২৭ মে মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীন থেকে সিনোফার্মের করোনা টিকার দেড় কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন হয়। সরকার এ টিকার প্রতি ডোজ ১০ ডলারে কিনতে যাচ্ছে বলে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান।

পরে এ দাম জানানো নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। বলা হয়, টিকা নেয়ার চুক্তির শর্ত লঙ্ঘন করে এর দাম প্রকাশ করে দেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও ০৪ জুন একটি সংবাদমাধ্যমকে বলেন, “আমরা চীনা রাষ্ট্রদূতের কাছে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছি। তবে এ ঘটনায় আমাদের অবস্থান খানিকটা খারাপ হয়েছে। ভবিষ্যতে সরকার আর ওই দামে টিকা কিনতে পারবে না।”

হুয়ালং ইয়ান ফেসবুকে লিখেছেন, “গণমাধ্যমের তথ্য যদি সঠিক হয়, তবে বাংলাদেশের পক্ষ থেকে কেন শুধু মিথ্যা তথ্য দেয়া হচ্ছে! প্রথমত, এখন পর্যন্ত সিনোফার্মের সাথে বাংলাদেশের পক্ষ থেকে কোনো চুক্তি হয়নি। দ্বিতীয়ত, চীনা সরকারের নয়, এটি সিনোফার্ম এবং বাংলাদেশের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি।”

অবশ্য শনিবারই (০৫ জুন) ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, দ্বিতীয় দফায় বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার দিচ্ছে চীন। আগামী ১৩ জুন উপহারের এ টিকা ঢাকায় পৌঁছবে।

এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়।

এমবি