রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সমর্থিত ইউনাইটেড রাশিয়া বিপুল ব্যবধানে এগিয়ে আছে। বুথফেরত জরিপ ও ভোটের আংশিক ফলাফলে দেখা যায়, ইউনাইটেড রাশিয়া প্রায় অর্ধেক ভোট পেতে যাচ্ছে।

ইতিমধ্যে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউনাইটেড রাশিয়া খুব ভালো ফল অর্জন করেছে।

বুথফেরত একটি জরিপে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট পাচ্ছে।

আরেকটি জরিপ সংস্থার হিসাবে ইউনাইটেড রাশিয়া ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেতে যাচ্ছে।

ভোটের আংশিক ফলাফলে দেখা যায়, ইউনাইটেড রাশিয়া বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রাপ্ত ব্যালটের প্রায় অর্ধেক গণনা করা হয়েছে। এতে ইউনাইটেড রাশিয়া ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছে।

ফলাফলে ইউনাইটেড রাশিয়ার পেছনে আছে জাতীয়তাবাদী এলডিপিআর ও কমিউনিস্ট পার্টি। দল দুটি ১৪​ থেকে ১৬ শতাংশ করে ভোট পেতে পারে। এ জাস্ট রাশিয়া পেতে পারে ৮ শতাংশ ভোট।

সবশেষ দুমায় এই চারটি দলেই আধিপত্য ছিল।

অন্যদিকে, উদার বিরোধী দলগুলো এবারের নির্বাচনে ৫ শতাংশ করে ভোট পেতেও ব্যর্থ হবে বলে প্রতীয়মান হচ্ছে।

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ৪৫০টি আসনের জন্য গতকাল রোববার ভোট অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রথমবারের মতো প্রতিবেশী ইউক্রেন থেকে যুক্ত করে নেওয়া ক্রিমিয়ায়ও ভোট গ্রহণ করা হয়।

ইউক্রেন থেকে বের করে ক্রিমিয়াকে যুক্ত করা, পশ্চিমাদের সঙ্গে শীতল সম্পর্ক, অর্থনৈতিক সংকট ও সিরিয়ায় সামরিক অভিযানের ফলে নানা চাপের মধ্যে রাশিয়ায় এই নির্বাচন হয়। ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জিতে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হতে চান পুতিন। পার্লামেন্ট নির্বাচন সেই বিজয়ের পথ সুগম করে দিতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: বিবিসি

এম এ