উক্রেনের চলমান ঘটনাবলীতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই’র এজেন্টরা তৎপর রয়েছে। তারা পূর্ব ইউক্রেনের চলমান সংকট কঠোর হাতে দমনে কিয়েভের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে।
জার্মান পত্রিকা বিল্ড অ্যাম সোনট্যাগ রোববার এ খবর দিয়েছে। নাম প্রকাশ না করে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জার্মান পত্রিকা বলেছে- সিআইএ এবং এফবিআই’র কয়েক ডজন এজেন্ট রুশপন্থি বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযানে জড়িত রয়েছে। কয়েকদিন আগে রুশপন্থি বিক্ষোভকারী ও কিছু অস্ত্রধারী ইউক্রেনের কয়েকটি ভবন দখল করে নিয়েছে।
এর আগে, গত মাসে হোয়াইট হাউজ নিশ্চিত করেছে যে, সিআইএ’র প্রধান জন ব্রেনান কিয়েভ সফর করেছেন। তার এ সফরের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে রাশিয়া।
গত ১৭ এপ্রিল ইউক্রেন সংকট সমাধানে আমেরিকা, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন একটি চুক্তিতে সই করে। এ চুক্তি অনুসারে সব পক্ষ ইউক্রেনের সহিংসতা কমাতে সহযোগিত করবে এবং কোনো ধরনের সামরিক ব্যবস্থা ছাড়াই সমস্যা সমাধানের পথ খোঁজা হবে। কিন্তু ইউক্রেনের অন্তর্বর্তী সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। রাশিয়ার বিশেষ বাহিনী ইউক্রেন পরিস্থিতিকে উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেছে ইউক্রেন। মস্কো এ অভিযোগ উড়িয়ে দিয়েছে।
[b]ঢাকা, ৪মে(টাইমনিউজবিডি) // টিআই[/b]