জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সহায়তা তহবিল অর্ধেক কর্তনের ঘোষণা দেয়ার পর ফিলিস্তিনি শরণার্থীদের জন্য দুই কোটি ৩০ লাখ ডলার দেয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম।

এক বিবৃতিতে দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্দার ডি ক্র এই ঘোষণা দিয়েছেন।

বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী বুধবার (১৭ জানুয়ারি) দেয়া বিবৃতিতে বলেন, তিন বছরে এই প্রতিশ্রুত অর্থ পরিশোধ করবে বেলজিয়াম। এই সহায়তা যাবে ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন (ইউএনআরডব্লিউএ)-এর কাছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ইউএনআরডব্লিউএ এখন খুব বেশি আর্থিক সঙ্কট মোকাবিলা করছে। এ বিষয়টি বিবেচনা করে অবিলম্বে প্রতিশ্রুত অর্থের প্রথম বার্ষিক অনুদান মুক্ত করা হচ্ছে।

ওদিকে মঙ্গলবার ওয়াশিংটন ঘোষণা করেছে তারা ইউএনআরডব্লিউএ’কে দেয়া সহায়তা ১২ কোটি ৫০ লাখ থেকে কমিয়ে ৬ কোটি ৫০ লাখ করবে। কিন্তু ফিলিস্তিনি শরণার্থীদের জন্য সহায়তার হাত বর্ধিত করেছে বেলজিয়াম। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

ডি ক্রু আরও বলেছেন, ইউএনআরডব্লিউএ-এর কমিশনার-জেনারেলকে জরুরি ভিত্তিতে সহায়তা করার জন্য এই অবস্থান নিয়েছে বেলজিয়াম সরকার।

তিনি বলেছেন, ইউএনআরডব্লিউএ-এর কাজের প্রতি আমার অসীম শ্রদ্ধা রয়েছে। এই সংস্থাটি কঠিন ও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। গাজা, সিরিয়া ও পশ্চিমতীরে জনজীবন ভয়াবহ কঠিন অবস্থায় রয়েছে।

প্রচুর পরিমাণে ফিলিস্তিনির জন্য ইউএনআরডব্লিউএ হলো বেঁচে থাকার শেষ অবলম্বন। ইউএনআরডব্লিউএ প্রায় ৫ লাখ ফিলিস্তিনি শিশুদের শিক্ষা নিশ্চিত করছে। তারা যাতে উগ্রবাদে ঝুঁকে না পড়ে তা দেখাশোনা করছে।

এমবি