পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো হত্যা মামলায় সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে পলাতক দেখিয়ে তাকে দেখামাত্র গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এন্টি-টেরোরিজম কোর্ট বা এটিসি এ রায় দেন। রায়ে দু’জন পুলিশ কর্মকর্তাকে ১৭ বছরের কারাদণ্ড এবং তেহরিক-ই তালেবানের ৫ সন্দেহভাজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। খবর- দ্য ডন’র।

কারাদণ্ড পাওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন- সৌদ আজিজ ও খুররম শাহজাদ।

২০০৭ সালে বেনজীর ভুট্টোকে রাওয়ালপিণ্ডির এক সমাবেশে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সে সময় সেখানকার পুলিশ প্রধান ছিলেন সৌদ আজিজ। আর রাওয়াল টাউনের সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) ছিলেন খুররম শাহজাদ।

এতদিন এই দুই পুলিশ কর্মকর্তা জামিনে ছিলেন। মামলায় সাজা ঘোষণার পর তাদের গ্রেফতার করা হয়েছে। আদালত দুই পুলিশ সদস্যকে ৫ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস জেল দিয়েছেন।

পাকিস্তান পেনাল কোডের ১১৯ ধারা ও ২০১ ধারা মোতাবেক তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

এমবি