মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের দেহে মাদকাসক্তির আলামত পাওয়ার পর তাকে দেশটির নৌবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্নাতক আইনজীবী হান্টার বাইডেন গত বছরের জুনে রিজার্ভ ফোর্স হিসেবে নেভিতে যোগ দিয়েছিলেন। বিবাহিত হান্টার বাইডেন তিন সন্তানের বাবা।

পার্ট টাইমার হিসেবে নৌবাহিনীতে দায়িত্ব পালনের জন্য গত মে মাসে ৪৩ বছর বয়সী হান্টারকে নিয়োগ দেয়া হয়। কিন্তু একমাস পর মূত্র পরীক্ষায় কোকেন গ্রহণের আলামত পাওয়ার পর হান্টারকে মার্কিন নৌবাহিনী থেকে বরখাস্ত করা হয়। এ খবরের বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের দফতর বা নৌবাহিনী কোনো মন্তব্য করে নি।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হান্টারকে নৌবাহিনী থেকে বরখাস্ত করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এর তিন মাস পর অর্থাৎ চলতি বছরের মে মাসে ইউক্রেনের বেসরকারি সর্ববৃহৎ গ্যাস সংস্থা বুরিসমা হোল্ডিংয়ের পরিচালনা পরিষদে একটি গুরুত্বপূর্ণ পদে চাকরি পেয়েছেন হান্টার।

রাশিয়ার সঙ্গে বিবাদে জড়িত ইউক্রেনের জ্বালানি নীতিসহ অন্যান্য ক্ষেত্রে জো বাইডেনের ব্যাপক প্রভাব থাকায় হান্টারের এ নিয়োগে নিয়ে এরই মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এসএমএ