যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরে 'পালস' নামের সমকামীদের নৈশক্লাবটিতে এক বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৫৩ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করা হচ্ছে।
আক্রমণকারী বন্দুকধারীর পরিচয় সম্পর্কে কিছু তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
ওই বন্দুকধারীর নাম ওমর মতিন এবং বয়স ২৯ বছর। তার বাড়ি ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসিতে। সে একজন মার্কিন নাগরিক এবং তার বাবা-মা আফগান। ওমর মতিনের জন্ম নিউইর্য়কে।
পুলিশ অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে ওমর মতিনকে সনাক্ত করেনি।

কেন ওমর মতিন সমকামী নৈশক্লাবে হামলা চালিয়েছে তার কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। উগ্রবাদী ইসলামপন্থীদের উস্কানিতে সে এমন কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তবে ওমর মতিনের বাবা মির সিদ্দিক দিচ্ছেন ভিন্ন তথ্য। তিনি বলেন, ধর্ম নয়;বরং সমকামীদের প্রতি ঘৃণা থেকে তার ছেলে এ কাজ করতে পারে।
এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বলেও জোর দাবি ওমর মতিনের বাবা মির সিদ্দিকের।
তিনি বলেন, সম্প্রতি মিয়ামির শহরতলিতে এক সমকামী দম্পতিকে পরস্পরকে চুম্বন করতে দেখে তার উপস্থিতিতেই ক্ষোভ প্রকাশ করেছিলেন ওমর মতিন। ওই ঘটনাই এই নির্মমতার কারণ হতে পারে বলে মনে করেন তার বাবা।
ওমর মতিনের বাবা বলেন, 'তার (ওমর মতিন) স্ত্রী ও সন্তানের সামনে দুজন পুরুষকে পরস্পরকে চুম্বন করতে দেখে এবং এতে সে ক্ষিপ্ত হয়।'
কেবি





