অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে গত শুক্রবার নিখোঁজ হওয়া ইসরাইলি সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে তেল আবিব। এর আগে নিখোঁজ সেনাকে হামাস অপহরণ করেছে এমন অভিযোগ করলেও আজ (রোববার) ইসরাইল ওই সেনা সদস্যের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরাইলি সেনাবাহিনীর একটি বিশেষ কমিটি বলেছে, লে. হাদার গোলদিন ‘শুক্রবার গাজা উপত্যকায় এক সংঘর্ষে’ নিহত হয়েছেন।
দু’দিনেও গোলদিনের কোনো হদিস না পাওয়ায় এবং হামাসের পক্ষ থেকে তাকে আটকের খবর অস্বীকার করার পর এ ঘোষণা দিল ইহুদিবাদী সেনাবাহিনী। তবে নিহত সেনার লাশ বা লাশের ধ্বংসাবশেষ উদ্ধার করা গেছে কিনা তা জানাতে পারেনি ইসরাইলের সেনা মুখপাত্র।
এর আগে গত শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছিল, ২৩ বছর বয়সি গোলদিন গাজায় হামাসের যোদ্ধাদের হাতে আটক হয়েছে। তবে হামাসের সামরিক শাখা ইজ্জদিন আল কাসসাম ব্রিগেড ওইদিন এক অতর্কিত আক্রমণ চালিয়ে দুই ইসরাইলি সেনাকে হত্যার ঘোষণা দিলেও নিখোঁজ সেনাকে আটকের দাবি অস্বীকার করে।
এদিকে, শনিবার ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাসের মুখপাত্র সামি আবু জুহরি যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। গত ২৬ দিনের সংঘর্ষে মানবতার শত্রু ইসরাইল গাজার বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে। তাদের গণহত্যার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১,৭০০ গাজাবাসী যাদের শতকরা ৮০ ভাগ নারী ও শিশু। আহত হয়েছেন আরো ৯,০০০ ফিলিস্তিনি।
অন্যদিকে হামাসের যোদ্ধাদের হামলায় অন্তত ১৫০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। তেল আবিব অবশ্য লে. গোলদিনসহ নিজের ৬৪ সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে। পর্যবেক্ষকরা বলছেন, আরব দেশগুলোর রাজা-বাদশারা যখন ইসরাইলের গণহত্যার নিন্দা জানাতে পর্যন্ত ভয় পাচ্ছেন তখন হামাসের অকুতোভয় যোদ্ধাদের হাতে ৬৪ জন ইসরাইলি সেনা নিহত হওয়া প্রতিরোধ আন্দোলনের জন্য বিশাল সাফল্য।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি





