ক্ষমতা ছাড়তে রাজি নন ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকি। অভ্যন্তরীণ এবং বৈদেশিক যত চাপই আসুক না কেন তিনি গদি ছাড়ছেন না বলে শুক্রবার নিশ্চিত করেছেন। খবর বিবিসি'র।
শুক্রবার সরকারি টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, টানা তিন মেয়াদে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মালিকি। চলতি বছরের এপ্রিলে তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হন।
তার বিরুদ্ধে শিয়াদের পক্ষে অবস্থান এবং সুন্নীদেরকে দমন-পীড়নের অভিযোগ রয়েছে। তিনিই মূলত দেশটির শিয়া ও সুন্নীদের মধ্যে একটি বিভেদ তৈরি করে দিয়েছেন। শিয়াদের স্বার্থ রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
এর আগে তিনি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের দাবি প্রত্যাখ্যান করেন। মাথাছাড়া দিয়ে উঠা সুন্নী বিদ্রোহীদের সাথে সমঝোতামূলক এ সরকার গঠনের জন্যে পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা পরামর্শ দিয়েছিল।
সরকারে সুন্নী সম্প্রদায়ের আরো প্রতিনিধিত্বের ব্যাপারেও তিনি কোনও প্রতিশ্রুতি দেননি। মূলত মালিকির জাতিগত বিদ্বেষ ও কর্তৃত্বপরায়ণতার জন্যই সুন্নী বিদ্রোহ মাথাছাড়া দিয়ে উঠে। এরই প্রেক্ষাপটে ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্যা লেভান্ট (আইএসআইএল)-এর মতো সশস্ত্র সুন্নী গোষ্ঠীর উত্থান ঘটে। যারা এখন ইরাকের উত্তর-পশ্চিমের বিশাল অংশ ও সিরিয়ার একাংশ নিয়ে আলাদ রাষ্ট্র গঠনের জন্য লড়াই করে আসছে। ইতিমধ্যে তারা বিশাল অংশ দখলে নিয়ে 'খিলাফত' নামক আলাদা ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়েছে। সূত্র: বিবিসি
ঢাকা, ০৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





