ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৫১ দিনের ইসরাইলি হামলায় উপত্যকাটির যোগাযোগ ব্যবস্থায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ক্ষতি হয়েছে।

রোববার এক সংবাদ সম্মেলনে গাজার যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াসের আল-শান্তি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইসরাইলি হামলায় ৩,৫৫০টি ব্যক্তিগত গাড়ি পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়ে গেছে; যার আর্থিক মূল্য ১১ মিলিয়ন ডলার। তিনি আরো বলেন, হামলায় ১৬০টি সরকারি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং এর আর্থিক মূল্য ২.৫ মিলিয়ন ডলার। এছাড়া, ১১টি অ্যাম্বুলেন্স ধ্বংস এবং ২৭টি অ্যাম্বুলেন্স আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

একজন সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা গত সপ্তাহে জানিয়েছিলেন, গাজা পুনর্গঠনে ৭.৮ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।

অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক দাতাদের পক্ষ থেকে সহায়তার বিষয়ে একটি সম্মেলন আগামী মাসে মিশরে অনুষ্ঠিত হবে।

 গত ৮ জুলাই থেকে ৫১ দিনের ইসরাইলি হামলায় অন্তত ৮৯টি ফিলিস্তিনি পরিবারের সবাই নিহত হয়েছেন। এ সময়ে ইসরাইলি হামলায় মারা গেছেন মোট ২,১৩৮ জন। এর মধ্যে ৪৯০ জনেরও বেশি শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০,৯১৫ জন।

ইসরাইলি হামলায় হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। পেলেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস নামের একটি সংগঠন জানিয়েছে, হামলার কারণে ৫৪০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে, হামাসের প্রতিরোধে ৬৮ ইসরাইলি সেনা ও নাগরিক নিহত হয়েছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন।

ঢাকা, ৭ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, টিআই