আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার শক্তিশালী এক আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে তালেবান। ন্যাটো সেনাদের লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ৩ ন্যাটো সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৬ সেনা। আফগান সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

জানা গেছে, কাবুলের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় বিমানবন্দর সড়কে এই হামলাটি চালানো হয়। হামলাস্থলটি মার্কিন দূতাবাস থেকে খুবই কাছে। এটি সুপ্রিম কোর্টেরও খুব কাছে। হামলার পরপরই এর দায়ভার স্বীকার করে নিয়েছে তালেবান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানবন্দর সড়কে ট্রাফিক জ্যামের সময়ে হঠাৎ করেই একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে কাবুলের কেন্দ্রস্থলের ভবনগুলোও কেঁপে উঠে। বিস্ফোরণে অনেকগুলো গাড়ি বিধ্বস্ত হয়।

হামলার পরপরই ন্যাটো সেনাদের রক্তে রাস্তা ভেসে যায়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতালে নেয়া হয়েছে। হামলার পরপরই সাংবাদিকদেরকে ই-মেইল করে এর দায়ভার স্বীকার করে নেয় তালেবান।

এমন এক সময় হামলাটি চালানো হলো, যখন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিতর্ক চলছে। এদিকে আগামী ডিসেম্বরের মধ্যেই ন্যাটোর সেনা প্রত্যাহারের কথা রয়েছে। সূত্র: বিবিসি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ