যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা ও মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর দাবি করেছেন, ইরাক যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর হাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় ইউক্রেনে রুশ বাহিনীর হাতে ক্ষয়ক্ষতি অনেক কম।

গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে সাক্ষাতকার দেয়ার সময় এই কথা বলেন তিনি।

ম্যাকগ্রেগর বলেন, ‘১৯৯১ ও ২০০৩ সালে ইরাকে হামলায় যা হয়েছে, তার থেকে অনেক কম ক্ষতি সেখানে হয়েছে।’

তিনি বলেন, রুশ বাহিনী বরং ‘সম্পূর্ণ অক্ষত’ অবস্থায় ইউক্রেনের নিয়ন্ত্রণ নেয়ার জন্য ‘কঠোর চেষ্টা’ করছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই কর্মকর্তা বলেন, রুশ বাহিনী যেখানে ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে তাদের ‘নিশ্চিহ্ন’ করার দিকে এগুচ্ছে, সেখানে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুধু এই আশাতেই ‘অনিবার্য ঘটনা’কে অস্বীকার করছেন যে মার্কিনিরা তাকে উদ্ধার করবে।

তিনি বলেন, ‘আমরা সেখানে যাচ্ছি না, প্রেসিডেন্ট বাইডেন এটি স্পষ্ট করে দিয়েছেন।’

ডগলাস ম্যাকগ্রেগর বলেন, ইউক্রেনের বাহিনী সাধারণ জনগণের কেন্দ্রে, শহরের মধ্যে আশ্রয় নিচ্ছে কেননা তাদের ‘পরিবহন, আকাশ প্রতিরক্ষা, বিমান সহায়তা, লজিস্টিক্যাল অবকাঠামো নেই।’

তিনি বলেন, ‘তারা বর্তমানে সাধারণ মানুষের সাথেই মিলেমিশে আছে, যেমনটি আমরা মধ্যপ্রাচ্যে দেখেছি যে যখনই উগ্রবাদীদের তাড়িয়ে আমরা নিয়ে গিয়েছি তারা শহরে প্রবেশ করেছে, সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে এবং নিশ্চিহ্ন হওয়া থেকে নিজেদের রক্ষার চেষ্টা করেছে।’

একইসাথে প্রেসিডেন্ট জেলেনস্কিকে তিনি ’পুতুল’ হিসেবে উল্লেখ করে ম্যাকগ্রেগর বলেন, ‘নিজের বিপুল সংখ্যক জনগণকে তিনি অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলেছেন।’

তিনি বলেন, ‘রুশরা স্পষ্ট করেছিলো যে তারা নিরপেক্ষ ইউক্রেন চায়। এই বিষয়টি অনেক আগেই সমাধান হতো যদি তিনি (জেলেনস্কি) তা গ্রহণ করতেন।’

ম্যাকগ্রেগর বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বীরত্বের কিছু দেখছেন না তিনি।

তিনি বলেন, বাস্তবতার সাথে সন্ধি করাই হবে বর্তমানে সবচেয়ে বীরত্বের কাজ।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘ইউক্রেনকে নিরপেক্ষ করুন। এটি মন্দ নয়। নিরপেক্ষ ইউক্রেন আমাদের এবং রাশিয়ার জন্য ভালো হবে।’ সূত্র : স্পুৎনিক।

এবিএস