ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্কান নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার জন্য মস্কো গেছেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর আমন্ত্রণে মস্কো গেছেন তিনি।
২০১৬ আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মস্কো সম্মেলন আজ (বুধবার) থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং দু দিন ধরে তা চলবে।
এ সম্মেলনে ১৭ জন প্রতিরক্ষামন্ত্রী, ১৪ জন উপ প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান এবং বিশেষজ্ঞসহ ৫০০ কর্মকর্তা যোগ দেবেন।
এবারের সম্মেলনে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। এছাড়া, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার নিরাপত্তা সংক্রান্ত বিষয় এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে এতে।
মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় ইরান ও রাশিয়া প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা করেছে। সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে সিরিয়ার সরকারকে সফলভাবে সহায়তা করেছে দেশ দুটি।
গত তিন মাসে দুই দফা মস্কো সফর করেছেন জেনারেল দেহ্কান। ইরান যখন রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ পাওয়ার অপেক্ষায় রয়েছে তখন এ সফর করেন তিনি। চলতি মাসের গোড়ার দিকে মস্কো এস-৩০০ সরবরাহের কাজ শুরু করেছে।
এমআইএস





