ইরান ক্ষেপণাস্ত্রসজ্জিত প্রথম ড্রোন উন্মোচন করেছে। আকাশ যুদ্ধের উপযোগী চালকবিহীন এ ড্রোন নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ইরান।

উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেন, যুদ্ধে ব্যবহারের উপযুক্ত এ ড্রোন এরই মধ্যে পরিচালনা সংক্রান্ত যাবতীয় পরীক্ষায় উতরে গেছে। পরীক্ষা চালানোর সময়ে এ ড্রোন দিয়ে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফল ভাবে আঘাত হানা হয়েছে। আকাশ যুদ্ধের উপযোগী ড্রোনটি ইরানের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তরের জন্য প্রস্তুত বলে জানান হয়েছে।

তিনি জানান, সশস্ত্র বাহিনীর অভিযান চালানোর পরিধি আরো বাড়াতে সহায়তা করবে এ ড্রোন। এতে আগ্রাসী শত্রুর বিমানকে তাড়া করা, প্রতিহত করা এবং ধ্বংস করার সক্ষমতা বাড়বে ইরানের।

হাতামি বলেন, উড়ন্ত নানা ধরণের বিমানসহ জঙ্গি বিমান, হেলিকপ্টার, চালকহীন বিমান ধ্বংস করতে সক্ষম নতুন এ ড্রোন।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ