স্থলসীমান্ত চুক্তি নিয়ে বারবার বিরোধীতার পর অবশেষে নিজের অবস্থান পাল্টে চুক্তির পক্ষে সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চুক্তির পক্ষে মত দেয়ায় পুরস্কার স্বরুপ মমতা পেয়েছেন তিন হাজার কোটি রুপি!
পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্র সরকার তিন হাজার কোটি রুপির আর্থিক প্যাকেজ ঘোষণা করায় এমন কথাই বলছে সবাই। বৃহস্পতিবার লোকসভায় পাস হয় স্থলসীমান্ত বিল। আর এদিনই এই বরাদ্দ পেলেন মমতা।
চুক্তি বাস্তবায়নে মমতা ছিলেন অন্যতম বাধা। মমতা সমর্থনে সুগম হয় চুক্তি বাস্তবায়নের পথ। এর জন্য সংবিধান সংশোধনের যে প্রয়োজনীয়তা ছিল তা মন্ত্রিসভা, রাজ্যসভা ও লোকসভায় পাস হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন রাজ্য সফরের মধ্যে আগামী শনিবার রাজভবনে তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার দু’দিন আগেই বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে রাজ্য সরকারের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা দিলেন পররাষ্ট্র মন্ত্রী সুষমা।
এদিন ১১৯তম সংবিধান সংশোধনী বিলটি পেশ করার সময় বক্তব্য রাখতে গিয়ে সুষমা জানান, এর মাধ্যমে ১৯৭৪ সালের ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি কার্যকর হবে। এর ফলে দুই দেশের মধ্যে সীমান্তের সমস্যা চিরতরে নিরসন হবে। একইসঙ্গে, প্রতিবেশি রাষ্ট্রকে এই বার্তাও দেয়া হবে যে, সীমান্ত ভাগাভাগির বিষয়ে ভারতের সব রাজনৈতিক দলই সহমত পোষণ করে।
সুষমা আরো বলেন, স্থলসীমান্ত চুক্তি নির্ধারিত হলে অধুনা বাংলাদেশের বহু মানুষ এদেশের নাগরিক হবেন।
তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষগুলোর পুনর্বাসনের জন্য আর্থিক প্যাকেজ চেয়েছিলেন। সেইমতো, পশ্চিমবঙ্গকে ৩,০০৮ কোটি টাকা দেয়া হবে।’
উল্লেখ্য, গত মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছিলেন, তিনি স্থলসীমান্ত চুক্তিকে সমর্থন করেন। সেইসঙ্গে ছিটমহলের যে অংশ এবার থেকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হবে, সেই অঞ্চলের আনুমানিক ৬০-৭০ হাজার মানুষের পুনর্বাসনের জন্য আর্থিক প্যাকেজের দাবিও জানান।
মমতার এই ঘোষণার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানান, তাদের মতে আনুমানিক ৩৫ হাজার মানুষ পশ্চিমবঙ্গে আসবেন। এসব কিছু মাথায় রেখে ৩,০০৮ কোটি টাকা মঞ্জুর করার কথা কথা ঘোষণা এসেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা
এআর





