দুই দশক পরে কোন শ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধান পেল কৃষ্ণাঙ্গ অধ্যুষিত আফ্রিকা। বুধবার মধ্য আফ্রিকার দেশ জাম্বিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েছেন শ্বেতাঙ্গ গাই স্কট। ১৯৯৪ সালের পর তিনিই হলেন আফ্রিকা মহাদেশের প্রথম শ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধান। খবর বিবিসি'র।

জাম্বিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট মিচেল সাতা মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাত রোগে মারা গেলে ভাইস প্রেসিডেন্ট গাই স্কটকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। তিনি ৯০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এডগার লুঙ্গু গাই স্কটকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

মিচেল সাতা ৭৭ বছর বয়সে মঙ্গলবার দিবাগত রাতে লন্ডনের একটি হাসপাতালে মারা যান। তিনি অজ্ঞাত রোগে মারা গেছেন বলে জানা গেছে। লন্ডনের 'কিং এডওয়ার্ড সেভেন' হাসপাতালে সাতা'র শেষ নিঃশ্বাস ত্যাগের সময় সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও ছেলে।

উল্লেখ্য, এর আগে আফ্রিকার সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন দক্ষিণ আফ্রিকার ফ্রেডেরিখ উইলিয়াম ডি ক্লার্ক। কিন্তু নেলসন ম্যান্ডেলার বর্ণবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে তিনি ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন। তার ক্ষমতা ত্যাগের সময়টি ছিল ১৯৯৪ সালের মে মাস।

এসএমএ