বাগদাদ: ভাই ও পাঁচ দেহরক্ষীকে হত্যা করে একজন ইরাকি পার্লামেন্ট সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসে মদত দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের রামাদি শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
গ্রেপ্তারকৃত এমপি’র নাম আহমেদ আল আলওয়ানি। সুন্নি এই এমপি’র রামাদির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করার সময় ওই ঘটনা ঘটে।
আওলানি প্রধানত শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মদত দিতেন। সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, তাকে আটক করার জন্য পুলিশ কর্মকর্তার তার বাড়িতে উপস্থিত হওয়া মাত্র তার দেহরক্ষীরা গুলি ছুঁড়তে শুরু করে। তখন দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়।
এতে আরো ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
নিরাপত্তা বাহিনী আলওয়ানির ভাই আলিকেও গ্রেপ্তার করার চেষ্টা করেছিল, কিন্তু গোলাগুলিতে সেও নিহত হয় বলে জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ।





