ভারতের লোকসভা নির্বাচনের প্রায় আড়াই মাস আগেই দেশটির ক্ষমতা প্রত্যাশী দুটি রাজনৈতিক দল কংগ্রেস এবং বিজেপির মধ্যে উত্তপ্ত, তির্যক বাক্য বিনিময় শুরু হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে ২০০২ সালে গুজরাটে দাঙ্গা বন্ধে ব্যর্থতার জন্যে ‘নপুংসক’ বলে অভিহিত করেছেন।
তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি বলেছে, আসন্ন লোকসভা নির্বাচনে নিজ দলের পরাজয় নিশ্চিত জেনে কংগ্রেস নেতৃবৃন্দ হতাশ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তাই অশালীন কথাবার্তা বলছেন। গতকাল উত্তর প্রদেশের নিজ নির্বাচনী এলাকায় এক সভায় সালমান খুরশীদ মোদীকে নপুংসক বলেন।
এদিকে অতীতের ভুলের জন্যে বিজেপি প্রধান মুসলিমদের কাছে ক্ষমা চাওয়ার যে বার্তা দিয়েছেন কংগ্রেস তার তীব্র সমালোচনা করে বলেছে, বিজেপি প্রধান রাজনাথের ক্ষমা চাইলে হবে না, যিনি ঘটনার জন্যে দায়ী সেই মোদীকেই ক্ষমা চাইতে হবে।
সালমান খুরশিদের বক্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে বিজেপির মুখপাত্র বলেছেন তিনি যে ভাষায় রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমন করেছেন তাতে মনে হয় বিদেশী শিক্ষায় শিক্ষিত পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় শালীনতা-ভব্যতা ভুলে গেছেন।
কয়েক দিন আগে কংগ্রেস প্রধান সাম্প্রদায়িক রাজনীতির জন্যে বিজিপি’র প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে বিষ উৎপাদনের জমি বলে আখ্যায়িত করেন।
নরেন্দ্র মোদী তার এক বক্তব্যে বলেছিলেন একজন চা-দোকানি আজ ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। এটা হচ্ছে ভারতের গনতন্ত্রের সৌন্দর্য। উলে¬খ্য, মোদীর গুজরাটের বাড়ির সামনে একটি চায়ের দোকান ছিল।
মোদীর এ বক্ত্যব্যের ব্যঙ্গ করে সাবেক মন্ত্রী ও কংগ্রেস নেতা মনি শংকর আয়ার এক অনুষ্ঠানে বলেন, মোদী ইচ্ছা করলে আমাদের এ অনুষ্ঠানে চা বিক্রি করতে পারেন।
এই বক্তব্য নিয়ে উভয় দলের মধ্যে বাক্যবিনময় হয়।
নরেন্দ্র মোদী কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে সব সময় যুবরাজ বলে ব্যঙ্গ করলেও রাহুল তাকে খুব একটা আক্রমন করেন না।
তবে একবার এক সমাবেশে বলেছেন চা ওয়ালারা ভাল তবে কোন কোন চা ওয়ালা মানুষকে বোকাও বানায়।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//  টিআই[/b]