পাকিস্তানের একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী খুররাম জাকি করাচিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
বিভিন্ন খবরে বলা হচ্ছে শনিবার রাতে করাচিতে একটি রেস্টুরেন্টে খুররাম জাকি তাঁর দুই বন্ধুর সঙ্গে খাবার সময় দু’টি মোটরসাইকেলে করে চারজন বন্দুকধারী আসে এবং তিনজনকে লক্ষ্য করেই গুলি ছোঁড়ে।
মি: জাকির দুই বন্ধু গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পাকিস্তান বংশোদ্ভূত সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচিত হওয়া নিয়ে ফেইসবুকে পোস্ট দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে নিহত হলেন পাকিস্তানের মানবাধিকার কর্মী খুররাম জাকি।
মি: জাকি'র ফেইসবুক পেইজ, এলইউবিপির ওয়েবসাইটকে উদ্ধৃত করে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং মিরর ডট কমেও তাঁর নিহত হবার খবরটি প্রকাশ পেয়েছে।
খুররাম জাকি ‘লেট আস বিল্ড পাকিস্তান’ বা এলইউবিপি নামের একটি রাজনৈতিক ব্লগিং ওয়েবসাইটের সম্পাদক ছিলেন।
এলইউবিপি ওয়েবসাইট ও ফেসবুক পেজের উদ্দেশ্য হিসেবে লেখা আছে, সাইটটি ‘উদার ধর্মীয় মতামত প্রচার করে এবং যে কোনো ধরনের উগ্রপন্থার বিরোধী’। সূত্র: বিবিসি বাংলা।
ইআর





