পৃথিবীতে সবচেয়ে আপন মা। এ কথাটিই যেন আবারো প্রমাণ করলেন একজন বৃটিশ মা।
নিজের জীবনের মায়া ত্যাগ করে এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে ধাবমান ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে শিশুকে উদ্ধারের বিরল সাহস দেখিয়েছেন লন্ডনের এই মা।
লন্ডনের টিউব স্টেশনে ট্রেন আসার কয়েক সেকেন্ড আগে বাতাসের ঝাপটায় একটি শিশুকে বহনকারী পেরাম্বুলেটার বা প্রাম লাইনের ওপর পড়ে যায়। এ অবস্থায় মা ঝাঁপিয়ে পড়ে শিশুকে নিরাপদে উদ্ধার করেন।
লন্ডনের গুডজি স্ট্রিটের পাতাল রেলের প্ল্যাটফর্মে এ ঘটনাটি ঘটেছে জুলাই মাসের ২৩ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টায়। সিসিটিভিতে ধারণ করা ওই ভিডিও চিত্রটি রোববার প্রকাশ করেছে ব্রিটিশ পরিবহন পুলিশ।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, বাতাসের ঝাপটায় শিশুর পেরাম্বুলেটারটি গড়িয়ে রেললাইনের ওপর পড়ে যায়। সে সময় স্টেশন থেকে চলে যাওয়া ট্রেনের সঙ্গে ধাক্কা খাওয়ার হাত থেকে ভাগ্যক্রমে অল্পের জন্য রক্ষা পায় পেরাম্বুলেটার।
এর পরপরই একই লাইনে দ্বিতীয় আরেকটি ট্রেন আসতে থাকে। ঘটনার ভয়াবহতায় হতবিহ্বল হয়ে পড়েন নি মা। তিনি ছুটে এসে দ্রুত লাইনের ওপর নেমে যান এবং বিদ্যুৎ গতিতে প্রামসহ শিশুটিকে নিয়ে নিরাপদে প্লাটফর্মে উঠে পড়েন।
ঘটনায় শিশুটির শরীরে কোনো আঘাত লেগেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে চাচ্ছে ব্রিটিশ পুলিশ। এ ছাড়া, কোনো কোনো বিশ্লেষক বলেছেন, দায়িত্বজ্ঞানহীনভাবে পেরাম্বুলেটার রাখার দায়ে অভিযুক্ত হতে পারেন এ মায়ের পুরুষ সঙ্গীটি। কারণ পেরাম্বুলেটরটি রেখেছিলেন তিনিই।
শিশুটির সঙ্গীদের পরিচয়
শিশুটির মায়ের পরনে ছিল জিন্স প্যান্ট এবং সাদা-কালো ডোরাকাটা টি-শার্ট। কাধে ঝোলানো ছিল একটি ব্যাগ, মাথার উজ্জ্বল চুলগুলো ছিল বাঁধা। শিশুটির মায়ের পুরুষ সঙ্গীটির চুলগুলো ছিল গাঢ় কালো। আর পরনে ছিল কমলা ও সাদা রঙের টি-শার্ট।
পুলিশের বক্তব্য
ঘটনার বিষয়ে পুলিশের প্রধান পরিদর্শক মার্ক লরাই বলেন, "এটা ছিল একটি ভীতিকর ঘটনা। শিশুটিকে যে বিপদের মধ্যে দেখা গেছে শুধুমাত্র সেই দিক থেকেই নয়, বরং নারীটি ট্রেনের লাইনে নেমে নিজের জীবনকে একই দিকে (বিপদ) ধাবিত করেছিল।" সূত্র: ডেইলি মেইল
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





