চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন। ভূখন্ডগত বিরোধ নিয়ে মতপার্থক্য থাকা এশিয়ার প্রতিদ্বন্দ্বি দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতেই তিনি এ সফরে যাচ্ছেন। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা একথা জানান।
ভারতের সাম্প্রতিক নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টোকিও সফরের মাত্র এক সপ্তাহ পর এ সফরের ঘোষণা দেয়া হলো। উল্লেখ্য, জাপান সফরের সময় মোদি দু'দেশের মধ্যে সম্পর্ক একটি নতুন পর্যায়েনেয়ার অঙ্গীকার করেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান সফরের মধ্য দিয়ে বৃহস্পতিবার শির চার দেশীয় সফর শুরু হচ্ছে। এরপর তার মালদ্বীপ ও শ্রীলংকা এবং সর্বশেষে ভারত সফরের মধ্য দিয়ে এ সফর কর্মসূচি শেষ করার কথা রয়েছে। এতে সুনির্দিষ্ট কোন সময়ের কথা উল্লেখ না থাকলেও আগামী ১৯ সেপ্টেম্বর এ সফর কর্মসূচি শেষ হবে।
ভূখন্ডগত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে ভারত ও চীনের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করে আসছে। এ বিরোধ নিয়ে ১৯৬২ সালে দু'দেশের সীমান্তে সংক্ষিপ্ত যুদ্ধ হয়।
সরকারি সূত্র জানায়, ভারতের দাবি করা ভূখন্ডগত বিরোধকে কেন্দ্র করে গত মাসে চীনের সৈন্য বিরোধপূর্ণ ওই ভূখন্ডের দিকে অগ্রসর হয়। আগের বছর একই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এ দু'দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
উল্লেখ্য, চীন হচ্ছে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশ।
ঢাকা, ০৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এমএ





